প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৮:৫২:২৪
চট্টগ্রামে পৃথক অভিযানে ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারের নেতৃত্বে র্যাব-৭ এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার র্যাব-৭ এর সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করে রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে নগরীর অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে নগরীর বায়েজিদ এলাকার গুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়া ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগও ওঠে।
তিনি জানান, প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস মোড়ক এবং খালি বোতল জব্দ করে বায়েজিদ থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়।
পৃথক অভিযানে নগরীর খুলশী থানাধীন দুই নম্বর গেট এলাকায় অবস্থিত মাবিয়া স্টোরে সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় খাজা স্টোরে লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুটি প্রতিষ্ঠানের ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
এ সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুর রহিম ও পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
প্রজন্মনিউজ২৪
ফরিদপুরে ৬ হাজার ৮০০ লিটার তেল জব্দ
চট্টগ্রামে ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক
জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা
সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
১৪ বছর পর খুলনা চেম্বারের নির্বাচন, বানচালের চেষ্টায় দখলদাররা