দক্ষিণ আফ্রিকায় দুদিনে দুই প্রবাসী বাংলাদেশি খুন

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১১:৫০:৩৯ || পরিবর্তিত: ২২ এপ্রিল, ২০২৬ ১১:৫০:৩৯

দক্ষিণ আফ্রিকায় দুদিনে দুই প্রবাসী বাংলাদেশি খুন

প্রজন্ম ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একের পর এক প্রবাসী বাংলাদেশির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলতি সপ্তাহে পরপর দুটি মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন বাংলাদেশি ব্যবসায়ী। নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ীর জামাল উদ্দিন ও কোম্পানীগঞ্জের আবু নাসের শামীম।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম (বারা শামীম)। নিহত আবু নাসের শামীমের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

স্থানীয় প্রবাসীদের মাধ্যমে  জানা যায়, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা এক আততায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রবাসীরা আরও জানান  এটি কোনো ডাকাতির ঘটনা নয়; এটি অত্যন্ত পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। তবে হত্যাকাণ্ডের কারণ বা এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে এই ঘটনার দুই দিন আগে গত রোববার (১৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গের পামরিজ এলাকায় দোকান লুটের সময় ডাকাতের গুলিতে নিহত হন জামাল উদ্দিন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, একদল ডাকাত তার দোকানের কন্টেইনার কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ টাকা ও মালামাল লুটের সময় বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরপর দুটি ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশিরা এখন নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন।

এই দুটি হত্যাকাণ্ডের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার গভীর শোক প্রকাশ করেছেন। তারা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সরকারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

প্রজন্মনিউজ ২৪


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ