প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৭:৫৬
রাবি প্রতিনিধি: ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট শিক্ষকদের পরিচয় ও প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ যাচাইয়ে গত ৫ আগস্ট পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো প্রশাসনের কাছে প্রতিবেদন জমা হয়নি।
এর মধ্যে গত ২১ সেপ্টেম্বর দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং, ইনকোয়ারি ও তদন্ত কমিটির বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে এসব কমিটি কেন বিলুপ্ত বা প্রত্যাহার করা হবে না এবং কমিটি গঠন ও এর ভিত্তিতে নেওয়া পরবর্তী পদক্ষেপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
হাইকোর্টের রুলের পর রাবির ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না।
দুই মাসেও শেষ হয়নি তদন্ত
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনুসন্ধানী প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট শিক্ষকদের ভূমিকা খতিয়ে দেখতে গত ৫ আগস্ট পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২-কে। তদন্ত শেষে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।
তবে কমিটি গঠনের প্রায় দুই মাস পার হলেও প্রতিবেদন জমা না হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, তদন্ত দ্রুত শেষ করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত কমিটি শতভাগ কখনোই কাজ করে না। তাদের মধ্যে চরম গাফিলতি দেখা যায়। এরা একেকজনের আত্মীয়, তারা চায় না তাদের শাস্তি দিতে। এর মধ্যে দুটি সিন্ডিকেট হয়ে গেছে, তারা যথেষ্ট দেরি করে ফেলেছে। আমরা অবশ্যই চাই দ্রুত তদন্ত হোক।’
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা মনে করি, এটার দ্রুত তদন্ত করা দরকার। ইতোমধ্যে ফ্যাসিস্টরা দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এটা হালকাভাবে দেখার সুযোগ নেই। খুব দ্রুত তদন্ত করে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত।’
রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘প্রতিটি তদন্ত কমিটির ক্ষেত্রেই আমরা এ ধরনের গাফিলতি দেখতে পাই, যা অত্যন্ত দুঃখজনক। একটি গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত দুই মাস ধরে ঝুলে থাকা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। জুলাইয়ের ঘটনায় সংশ্লিষ্টতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত হবে না।’
‘১০ দিনের মধ্যে প্রতিবেদন দেব’
তদন্তে বিলম্বের বিষয়ে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেজাউল করিম-২ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, সেজন্য একটু দেরি হয়েছে কাজ করতে। তবে আমাদের কাজ প্রায় শেষের দিকে। আগামী ১০ দিনের মধ্যে আমরা প্রতিবেদন জমা দিয়ে দেব। আমরা কিছু প্রমাণ পেয়েছি। সেগুলো প্রতিবেদন আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেব। এরপর প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, ‘তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে গতকালও আমার কথা হয়েছে। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। যার কারণে কিছুটা দেরি হয়েছে। তবে তারা কিছু তথ্য পেয়েছেন। তারা মিটিং করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। এখানে খুব গোপনীয়তার সঙ্গে কাজ করতে হচ্ছে। এজন্য তথ্য সংগ্রহ করতে একটু সময় লাগছে। তবে কাজ চলমান আছে।’
হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় প্রশাসন
এদিকে হাইকোর্টের রুলের পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের কাজ প্রস্তুত আছে। তবে হাইকোর্টের রুলের কারণে আমরা তা প্রকাশ করতে পারছি না। হাইকোর্ট নির্দেশ দিলে আমরা তা প্রকাশ করতে পারব।’
ফলে একদিকে প্রায় দুই মাস ধরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রতিবেদন জমা না হওয়া, অন্যদিকে হাইকোর্টের রুলের কারণে প্রতিবেদন প্রকাশ নিয়ে প্রশাসনের অপেক্ষা—দুই কারণে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তের পরবর্তী পদক্ষেপ এখনো অনিশ্চিত রয়েছে।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা