ছাত্রদলকে না সামলালে পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: শিবির সভাপতি

প্রকাশিত: ০৫ অগাস্ট, ২০২৬ ০৪:৩৪:০৯

ছাত্রদলকে না সামলালে পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: শিবির সভাপতি

প্রজন্ম ডেস্ক: ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এর পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। 

তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলা, ক্যাম্পাস দখলের চেষ্টা ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ছাত্রজনতা রাজপথেই এর প্রতিরোধ গড়ে তুলবে।

বুধবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ছাত্র গণজমায়েতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ঢাবি এলাকায় এসে শেষ করেন। ৫ আগস্টের গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলার কথা থাকলেও বাস্তবে শিক্ষাঙ্গনে নতুন করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদলের নামে বিভিন্ন ক্যাম্পাসে যাদের দিয়ে কমিটি করা হয়েছে, তাদের অনেকেই প্রকৃত ছাত্র নন। বহিরাগত ও দীর্ঘদিন আগে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিরা এসব কমিটিতে জায়গা পেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। এমনকি রাতে ঘুমন্ত শিক্ষার্থী ও সাধারণ ছাত্রদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।

সরকারের উদ্দেশ তিনি বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। তা না হলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি সন্ত্রাসীর লাগাম টেনে ধরা হবে। ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে।

তিনি অভিযোগ করেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার অবহিত করা হলেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। 

ছাত্রশিবির সভাপতি বলেন, ক্যাম্পাসে হল দখল, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখতে তারা বদ্ধপরিকর। তবে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তপাত হলে তার দায় সরকারকেই নিতে হবে।

সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন,  ভেবেছিলাম বিএনপির সুবুদ্ধির উদয় হয়েছে এবং এবার শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসবে। সেখানে মেধার চর্চা ও গবেষণা হবে এবং আলোকিত মানুষ তৈরি হবে। কিন্তু তাদের কর্মকাণ্ড মনে হচ্ছে, ক্যাম্পাসগুলো দখল করে পুনরায় চাঁদাবী আর টেন্ডারবাজিতে মেতে উঠতে চায়।

তিনি আরও বলেন, এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামী ছাত্রশিবির প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রসংসদ নির্বাচনে নিজেদের চরিত্র ও আদর্শ দিয়ে ছাত্রদলকে ধরাশায়ী করেছে এবং ছাত্রসমাজের সমর্থনের ভিত্তিতে তাদের পরাজিত করেছে। এই রাজনৈতিক ও আদর্শিক পরাজয়কে আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই ছাত্রদল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তাবায়নের জন্য আহ্বান জানান। অন্যথায় জনগণ আপনাদের বাধ্য করবে।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্দেশে অভিযোগ করেন, গতকাল পুলিশের পাহারায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী, গুন্ডা ও বহিরাগতরা ‘হায়নার মতো’ হামলা চালিয়েছে। তিনি পুলিশ কর্মকর্তাদের আগের আইজি ও কমিশনারের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারাও একই কাজ করেছিলেন, কিন্তু শেখ হাসিনা তাদের রক্ষা করতে পারেননি।

এ সম্পর্কিত খবর

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছাত্রদলকে না সামলালে পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: শিবির সভাপতি

‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে’

জুলাই শহীদদের অসম্পূর্ণ ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল

ববিতে শিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রদলের বাধা,সংঘর্ষ ২০

অবশেষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন 

‘বিএনপির অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’

সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ