ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০২:৫৫:৪৬

ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় চারজনকে-রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

সোমবার (২০ এপ্রিল) র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার এ তথ্য দেন।

তিনি জানান, ভুক্তভোগী একজন গার্মেন্টস কারখানার মালিক। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় তিনি তার অফিসে কাজ করছিলেন। এ সময় ১২-১৩ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা অফিস কক্ষের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। যাওয়ার সময় সিসিটিভির ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়। পরে ঘটনাটির তদন্তে নামে র‍্যাব।

র‍্যাব-৪ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। এরপর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই ঘটনার মূল পরিকল্পনাকারী রানা। নির্জন এলাকা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে গার্মেন্টসটি টার্গেট করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তাররা মিরপুর ও কাফরুলসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ