প্রকাশিত: ২৪ অগাস্ট, ২০২৬ ০৩:২৫:৫৮
প্রজন্ম ডেস্ক: ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আইনি ভিত্তি তৈরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) সংশোধিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশে এ সংশোধন এনেছেন।
সংশোধনের ফলে রুলস অব বিজনেসের সিডিউল-১ বা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের পরিধি বাড়ানো হয়েছে। ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন করে ২৩ নম্বর আইটেম যুক্ত করা হয়েছে।
নতুন সংযোজিত আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ, হালাল পণ্যের মান নির্ধারণ এবং এ-সংক্রান্ত সনদ দেওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়বে।
এতদিন ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের জন্য হালাল সনদ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে।
তবে হালাল সনদ দেওয়ার ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। ‘রুলস অব বিজনেস’ সংশোধনের ফলে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব এখন প্রশাসনিকভাবে স্পষ্ট হলো।
এর ফলে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, সনদ প্রদান এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ও কর্তৃত্ব আরও সুস্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ